চট্টগ্রামের ফটিকছড়িতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা জহরুল হক হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
সভায় তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব, জনস্বাস্থ্যের ওপর তামাক সেবনের বিরূপ প্রভাব, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের অগ্রগতি এবং আইন বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় তামাকজাত পণ্যের ব্যবহার ও প্রচার নিয়ন্ত্রণ, জনসমাগমস্থলে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যমান আইন আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট টাস্কফোর্স কমিটির সদস্যরা তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে মতামত দেন।



