ইউএনও'র পরিদর্শন

ফটিকছড়িতে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কৃষিজমি ও সড়ক

নিজস্ব প্রতিবেদক

আকষ্মিক বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানি ঢুকে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ও বাগান বাজার ইউনিয়নের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। বুধবার(১৬ সেপ্টেম্বর) সকালে এসব এলাকার ধানখেত, সবজিখেত, পেঁপেবাগান ও মাছের ঘের পানিতে তলিয়ে যায়। কয়েকটি গ্রামীণ সড়ক ও কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নিম্নাঞ্চলের বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, দাঁতমারা ইউনিয়নের মুসলিমপাড়া ও কেচিয়া এবং বাগান বাজার ইউনিয়নের হলুদিয়া, বড়বিল, মতিননগর, আলমপুর, চিকনেরখীল, গজারিয়া, পানুয়া, পুরান রামগড়, লালমাই ও রাজারঘাট এলাকায় পানি ঢুকেছে। কোথাও কোথাও সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কয়েকটি স্থানে সড়কের অংশ ভেঙে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হচ্ছে।

বাগান বাজার ইউনিয়নে প্রায় ৬০ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ। তবে দুই ইউনিয়নে কৃষি ও অবকাঠামোর মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।

চট্টগ্রাম আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উপজেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে, পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা হতে পারে।

প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন ফটিকছড়ি উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মো. ইব্রাহিম। এসময় তিনি বলেন, ‘পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও স্পষ্ট হবে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?