ইসলামিক ক্যালিওগ্রাফি শুধু শিল্পকলা নয়, পবিত্র কোরআনের বাণীকে দৃশ্যমান সৌন্দর্যে তুলে ধরার মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা ও অনুরাগের আত্মিক প্রকাশ বলে মন্তব্য করেছেন মইনীয়া ক্যালিওগ্রাফি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ড. সৈয়দ সাইফুদ্দীন আহমেদ মাইজভান্ডারী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী অডিটোরিয়ামে ইসলামিক ক্যালিওগ্রাফি প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
সাইফুদ্দীন মাইজভান্ডারী বলেন, ইসলামি শিল্প ও ক্যালিওগ্রাফি চর্চা তরুণ প্রজন্মকে দেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিক সৌন্দর্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই শিল্পের বিকাশ সমাজে ভ্রাতৃত্ব, শান্তি ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে সহায়ক হবে।
তিনি প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের কাজের প্রশংসা করেন এবং ইসলামিক ক্যালিওগ্রাফির চর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া ক্যালিওগ্রাফি ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট ক্যালিওগ্রাফার শিল্পী সাইফুল্লাহ সাফা এবং ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের আহ্বায়ক ও ক্যালিওগ্রাফার মোহাম্মদ ইসমাইল হোসেন।
এ ছাড়া ইসলামিক কালচারাল অর্গানাইজেশন ও মইনীয়া ক্যালিওগ্রাফি ফাউন্ডেশনের লেখক, গবেষক এবং তরুণ চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন।



