সাত পা নিয়ে হাটহাজারীতে বিরল বাছুরের জন্ম

কামরুল হাসান

সংগৃহীত ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে সাত পা-ওয়ালা একটি বিরল বাছুরের জন্ম হয়েছে। গত শনিবার হাটহাজারী পৌরসভার পশ্চিমে পাহাড়ি এলাকায় এক খামারির গোয়ালঘরে বাছুরটির জন্ম হয়। জন্মের পর থেকে বাছুরটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার কৃষি ফার্মের পশ্চিমে ফায়ার সেন্টারের দক্ষিণে দুদু মিয়ার পাহাড় এলাকায় একটি টিনশেড জামে মসজিদসংলগ্ন খামারি মো. মাসুদের গোয়ালঘরে পালিত একটি গাভী বাছুরটির জন্ম দেয়।

সরেজমিনে দেখা যায়, বাছুরটির স্বাভাবিক চার পায়ের পাশাপাশি পিঠ ও পেছনের অংশে আরও তিনটি অতিরিক্ত পা রয়েছে। জন্মের পর থেকেই বাছুরটিকে দেখতে স্থানীয় লোকজন ওই বাড়িতে ভিড় করছেন। দূর-দূরান্ত থেকেও অনেকে বাছুরটিকে একনজর দেখতে আসছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বাছুরটি জীবিত ও সুস্থ রয়েছে বলে জানা গেছে। অস্বাভাবিক শারীরিক গঠন নিয়ে জন্ম নেওয়া বাছুরটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী বলেন, ঘটনাটি জানার পর প্রাণিসম্পদ বিভাগের একটি দল সেখানে গিয়েছিল। তবে মালিকপক্ষ বাছুরটি দেখাতে অসম্মতি জানায়।

তিনি বলেন, গাভীটির মালিকপক্ষকে আশ্বস্ত করা হয়েছে যে, এ বিষয়ে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে প্রাণিসম্পদ বিভাগ তা করতে প্রস্তুত। বাছুরটির এমন শারীরিক গঠনের কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি ভবিষ্যতে গবেষণার কাজেও আসতে পারে। তবে মালিকপক্ষ সহযোগিতা না করায় এ বিষয়ে বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা বা সহায়তা করা সম্ভব হয়নি।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?