চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে হাসান শামসুদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ‘মানবিক উত্তর ফটিকছড়ি’র কর্ণধার হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে দাঁতমারা ইউনিয়নের ইউনুস এগ্রো কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর প্রার্থিতা ঘোষণা করেন চট্টগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দিন শিকদার।
আলাউদ্দিন শিকদার বলেন, দাঁতমারা ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার জন্য হাসান শামসুদ্দিনকে জামায়াতের প্রার্থী করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে রয়েছেন। নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করবেন বলে আশা করেন তাঁরা।
তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। দাঁতমারা ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনসেবাকে গুরুত্ব দিয়ে তাঁরা এগিয়ে যেতে চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার বলেন, হাসান শামসুদ্দিন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে তাঁদের সমস্যা ও প্রয়োজন বোঝার চেষ্টা করেছেন। আগামী দিনে দাঁতমারা ইউনিয়নের মানুষের অধিকার, উন্নয়ন ও কল্যাণে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে ভুজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, ফটিকছড়ি থানা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, সহকারী সেক্রেটারি আবু তাহের, সাবেক থানা আমির নুর মুহাম্মদ আল কাদেরী, জিয়াউল হক জিয়া এবং দাঁতমারা ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



