আড়াই শ আসনের পরিপাটি হলরুম। একটি আসনও খালি নেই। জেলা শহরের ছয়টি এবং দীঘিনালা উপজেলার দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিতর্ক উৎসব। সম্ভাবনাময় ক্ষুদে বিতার্কিকদের যুক্তি-তর্ক, বাচিক দক্ষতা ও আত্মবিশ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। শব্দ ও বাক্যের প্রতি শিক্ষার্থীদের মমতা যেন ফুটে ওঠে তাঁদের প্রতিটি বক্তব্যে।
ঘড়ির কাঁটা যখন সকাল ১০টার কাছাকাছি, তখন সমবেত জাতীয় সংগীতের মধ্য দিয়ে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলের প্রধান শিক্ষক শিবাজী কুমার দে।
বাংলাদেশ বেতারের উপস্থাপক ও খাগড়াছড়ি ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দীন আনসারী মিঠুর সঞ্চালনায় নতুন কুঁড়ি হাইস্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙা গোমতী বি. কে. হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা খাগড়াছড়িতে বিতর্কচর্চার ধারাবাহিকতাকে সমুন্নত রেখেছে। এ আয়োজনের ফলে গত এক যুগে জেলার অনেক বিদ্যালয়ে বিতর্কচর্চার প্রতি দায়বদ্ধতা তৈরি হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ে বিতর্কের জন্য আলাদা কক্ষ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বেড়েছে। বিশেষ করে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকেই পরবর্তী সময়ে শিক্ষা জীবনে সাফল্যের স্বাক্ষর রেখেছে।
এতে বক্তব্য দেন নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং এডুলাইফ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আমির হোসেন রোজেল।
এবারের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় দীঘিনালা মডেল বালিকা উচ্চবিদ্যালয়, দীঘিনালা বড়াদম উচ্চবিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল, খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাইস্কুল, টিউফা আইডিয়াল হাইস্কুল ও এপিবিএন উচ্চবিদ্যালয়।
প্রথমবারের মতো অংশ নিয়েই প্রথম পর্বে চমক দেখায় দীঘিনালার দুটি বিদ্যালয়। খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে ওঠে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়। অন্যদিকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়।
সেমিফাইনালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাইস্কুলকে হারিয়ে ফাইনালে ওঠে দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়। অন্য সেমিফাইনালে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালের টিকিট পায় নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল।
ফাইনালে দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়ের পারমী চাকমা, উজুকো চাকমা ও আদর্শি চাকমার যুক্তি-তর্কে চাপে পড়ে জেলা শহরের অন্যতম পরিচিত প্রতিষ্ঠান নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল। তবে শেষ পর্যন্ত ইলমুল হক নোহার নেতৃত্বে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল জয়ী হয়।

চ্যাম্পিয়ন হয় নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল এবং রানারআপ হয় দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়। নতুন কুঁড়ির ইলমুল হক নোহা নির্বাচিত হন শ্রেষ্ঠ বক্তা। এর আগেও বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় কয়েকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিদ্যালয়টি।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও খাগড়াছড়ি ডিবেটিং সোসাইটির সভাপতি অধ্যাপক দুলাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙা শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল খালেক, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন দাস, বড়াদম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ডিগনিটি চাকমা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিভা ত্রিপুরা। সভায় স্বাগত বক্তব্য দেন সমকালের খাগড়াছড়ি প্রতিনিধি প্রদীপ চৌধুরী।



