চট্টগ্রামের ফটিকছড়ি উত্তরে পাহাড়ি জঙ্গলের একটি পরিত্যক্ত বাড়ির পাশে খড়ের গাদার সঙ্গে ফেলে রাখা অবস্থায় দুটি দেশীয় প্রযুক্তিতে তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে ভূজপু্র থানা পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের বনাঞ্চলসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে বন্দুক দুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভুজপুর থানার অধীন উদালিয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র দেব ঘটনাস্থলে যান। সেখানে একটি পরিত্যক্ত বাড়ির পাশে খড়ের গাদার সঙ্গে ফেলে রাখা অবস্থায় মালিকানাবিহীন বন্দুক দুটি পাওয়া যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে সেগুলো জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষীদের উপস্থিতিতে বন্দুক দুইটি জব্দ করে হেফাজতে নেন এবং এ-সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’



