চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সুয়াবিল ইউনিয়নের সাহাপাড়ায় পরিত্যক্ত জালে আটকা পড়ে একটি অজগর সাপ। পরে স্থানীয়রা জাল কেটে সেটিকে মুক্ত করেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন। পরে চিকিৎসা দিয়ে সেটিকে বন্যপ্রাণী অভয়ারণ্যের গহিন বনে অবমুক্ত করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। অজগর আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে সেটিকে দেখতে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহাপাড়ায় একটি পরিত্যক্ত জালে অজগরটি আটকা পড়ে। স্থানীয়রা জাল কেটে সেটিকে মুক্ত করলেও সাপটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সেটিকে উদ্ধার করেন।

হাজারীখীল রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় অজগর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লোকালয়ে এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে আঘাত করা বা নিজেরা ধরার চেষ্টা করা উচিত নয়। নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ অথবা প্রশিক্ষিত বন্যপ্রাণী উদ্ধারকারীদের খবর দেওয়া প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেছি। পরে চিকিৎসা দিয়ে সেটিকে বন্যপ্রাণী অভয়ারণ্যের গহিন বনে অবমুক্ত করা হয়েছে।’



