চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করা সেই নৈশপ্রহরীকে সম্মাননা ও নদগ অর্থ পুরস্কার দিয়েছেন উপজেলা প্রশাসন। সোমবার ফটিকছড়ি সদরে উপজেলার একটি অনুষ্ঠানে স্থানীয় সাংসদ মো. সরোয়ার আলমগীর তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
সততার এ নজির স্থাপনকারী নৈশপ্রহরীর নাম মো. নুরুল আলম বাঁচা (৪৪)। তিনি নাজিরহাট পৌরসভার বাবুনগর গ্রামের বাসিন্দা এবং নাজিরহাট পৌরসভার নৈশপ্রহরী হিসেবে কর্মরত।
এরআগে, গত ১১ জুন রাত সোয়া ১২টার দিকে দায়িত্ব পালনকালে নাজিরহাট বাজারের সোসাইটি মাঠসংলগ্ন সড়কে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান নুরুল আলম। ব্যাগটি খুলে তিনি বিপুল পরিমাণ টাকা দেখতে পান। পরে ব্যাগটি নিরাপদে পৌরসভা কার্যালয়ের একটি কক্ষে সংরক্ষণ করেন এবং প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন।
খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, টাকাগুলো নাজিরহাট বাজারের ব্যবসায়ী ও এম আর জুয়েলার্সের মালিক দুর্লভ ধরের। বিষয়টি বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়ার পর নাজিরহাট পৌরসভার কর্মচারী মো. ওমর ফারুক, ব্যবসায়ী মামুন, জিকু, নির্জন, রিপন ও রাজেশের উপস্থিতিতে টাকাভর্তি ব্যাগটি মালিকের হাতে তুলে দেন। ওই সময় স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে তাঁর এই সততার দৃস্টান্ত দেখানোর বিষয়টি ফলাও করে প্রচার হয়। একের পর এক প্রশংসায় ভাসতে থাকেন নুরুল আলম বাঁচা।
সাংসদের কাছ থেকে উপজেলা প্রশাসনের পুরস্কার পেয়ে মো. নুরুল আলম বাঁচা বলেন, ‘আমার কাছে এই পুরস্কার আকাশসম। এভাবে স্ব-স্ব জায়গা থেকে ভালো কাজে এগিয়ে এলে দেশটা আসলেই বদলানো সম্ভব। আমি উপজেলা প্রশাসনের কাছে অশেষভাবে কৃতজ্ঞ।’
সম্মাননা প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘একটু দেরিতে হলেও তিনি তাঁর কাজের স্বীকৃতি পেয়েছেন। তাঁর এই সততা ও মহৎ উদ্যোগ সমাজের সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’



