উপমহাদেশের আধ্যাত্মিক সাধনার অন্যতম প্রাণকেন্দ্র চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে শুরু হয়েছে মাইজভাণ্ডারী তরিকার পূর্ণতা দানকারী, আওলাদে রাসুল (দ.) হযরত গাউসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী (ক.)-এর ১৬৪তম খোশরোজ শরিফ। মঙ্গলবার (১৩ অক্টোবর) শুরু হওয়া এ আয়োজনের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বুধবার (১৪ অক্টোবর) রাতে।
আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাবা ভাণ্ডারী (ক.)-এর প্রপৌত্র, রাহবারে শরিয়ত ও তরীকত হযরত শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (মা.জি.আ.)।
খোশরোজ শরিফ উপলক্ষে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়াসহ বিভিন্ন সংগঠন ও মঞ্জিলের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া শরিফ, পবিত্র রওজায় গিলাফ চড়ানো, বিনামূল্যে চিকিৎসাসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও তবারুক বিতরণ। পাশাপাশি মাদক, যৌতুক ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো দরবার শরিফ।
এবারের খোশরোজ শরিফে কয়েক লাখ ভক্ত-আশেকানের সমাগম হতে পারে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন মঞ্জিলের প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের সাজ্জাদানশীন ও আনজুমানের সভাপতি শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী জানান, সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে মনিটরিং সেল গঠন করা হয়েছে। পুরো দরবার শরিফকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে। তিনি দায়িত্বপ্রাপ্ত সবাইকে ধৈর্য ও সংযমের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।



