একসময় যার ছায়ায় থেমেছে পথচারীর ক্লান্ত পা, যার শিকড় ও ডালপালার সঙ্গে জড়িয়ে আছে প্রজন্মের পর প্রজন্মের স্মৃতি, সেই চেনা বটগাছটিই আজ বিদায়ের পথে। সড়ক প্রশস্তকরণের প্রয়োজনে কাটা পড়ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নের প্রায় দেড়শ বছরের পুরোনো ঐতিহাসিক ‘চেগাইয়া বটগাছ’। গাছটি ঘিরে এলাকার মানুষের আবেগ, স্মৃতি ও পরিচিতি থাকলেও শেষ পর্যন্ত রক্ষা হচ্ছেনা ঐতিহ্যের এই প্রাচীন স্মারক।
রামগড়–বারইয়ারহাট সড়কের পূর্ব সোনাই ফুলছড়ি মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা বটগাছটি স্থানীয়দের কাছে ‘চেগাইয়া বটগাছ’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে গাছটি শুধু প্রকৃতির অংশ হয়ে দাঁড়িয়ে ছিল না, বরং এলাকার পরিচয়ের সঙ্গেও মিশে ছিল এর নাম। সময়ের পরিবর্তনে চারপাশে অনেক কিছু বদলেছে, বদলেছে যোগাযোগব্যবস্থা ও মানুষের জীবনযাত্রা। কিন্তু এলাকার মানুষের স্মৃতি ও পরিচিতির সঙ্গে জড়িয়ে থাকা বটগাছটি এত দিন ছিল অতীতের এক নীরব সাক্ষী।

এবার সেই সাক্ষীকে হারাতে হচ্ছে সড়ক প্রশস্তকরণের কারণে। গাছ কাটার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও আক্ষেপ। অনেকের প্রশ্ন, উন্নয়নের প্রয়োজনে সড়ক বড় করা হলেও দীর্ঘদিনের ঐতিহ্যকে রক্ষার কোনো বিকল্প কি খোঁজা যেত না?
স্থানীয় বাসিন্দা মো. শামসুদ্দীন ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক সম্প্রসারণের জন্য শতবর্ষী গাছটি কাটতে হচ্ছে। মানুষের প্রয়োজনে নতুন কিছু করতে গিয়ে অনেক সময় পুরোনো ও ঐতিহ্যবাহী নিদর্শন হারিয়ে যায়। তবে প্রকল্পের নকশা প্রণয়নের সময় চাইলে গাছটি রক্ষা করেও পরিকল্পনা করা সম্ভব ছিল বলে মনে করেন তিনি।
শামসুদ্দীন বলেন, গাছটি টিকিয়ে রাখা গেলে ভালো হতো। কারণ, এই গাছের নামেই স্থানটির পরিচিতি। গাছটি না থাকলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্থানটির নামকরণের ইতিহাস জানা ও বোঝা কঠিন হয়ে পড়বে।
একই আক্ষেপ স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্য আব্দুল মালেকেরও। ফেসবুকে তিনি লিখেছেন, এই বটগাছকে ঘিরে এলাকার বহু ইতিহাস ও স্মৃতি জড়িয়ে রয়েছে। এটি স্থানীয় ঐতিহ্যের অংশ। গাছটি কাটা পড়লে সেই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হারিয়ে যাবে।
তবে গাছটি কাটার পেছনে রয়েছে সড়ক নির্মাণের পরিকল্পনা ও মসজিদ রক্ষার বিষয়টিও। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কামাল উদ্দিন জানান, শুরুতে গাছটি অক্ষত রেখেই সড়ক নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু গাছটি না কাটলে সড়কটি সামনের মসজিদের পাশ ঘেঁষে নির্মাণ করতে হতো। এতে মসজিদটির ক্ষতি হতে পারে—এমন আশঙ্কায় গাছটি কাটার সিদ্ধান্ত নিতে থাকতে পারে।
তারপরও গাছটি রক্ষার বিকল্প নিয়ে প্রশ্ন তুলেছেন এই জনপ্রতিনিধি। তিনি বলেন, বটগাছটির পেছনে জায়গা রয়েছে। চাইলে সেখানে মাটি ভরাট করে সড়ক নির্মাণের ব্যবস্থা করা যেত। এতে একদিকে সড়ক প্রশস্তকরণ, অন্যদিকে ঐতিহ্য সংরক্ষণের সুযোগ তৈরি হতে পারত।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (করেরহাট রেঞ্জ) মো. মারুফ হোসেন জানান, সড়ক নির্মাণকাজ শুরুর আগে সড়কের পাশে থাকা প্রায় ২ হাজার ৮০০টি গাছ চিহ্নিত করা হয়েছিল। চেগাইয়া বটগাছটিও সেই তালিকায় রয়েছে। গাছটির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন বিভাগকে ক্ষতিপূরণ দিয়েছে।
অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান অশোকা বিল্ডকন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার সন্দীপ দে-এর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
তবে, চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাইদুল ইসলাম বলেন, ‘ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদ কমিটি ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেই গাছটি কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাছটির পেছনে ঢালু পাহাড়ি জায়গা এবং সামনে মসজিদ থাকায় সড়ক প্রশস্তকরণের স্বার্থে এটি কর্তন করতে হচ্ছে। এ ছাড়া গাছটি সড়কের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।’
চট্টগ্রাম বন্দর থেকে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর হয়ে ভারতে পণ্য রপ্তানির সময় কমিয়ে প্রায় তিন ঘণ্টায় নামিয়ে আনার লক্ষ্যে সরকার বারইয়ারহাট–হেঁয়াকো–রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্প হাতে নেয়। প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে নেওয়া এ প্রকল্পের আওতায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট থেকে ফটিকছড়ির হেঁয়াকো হয়ে খাগড়াছড়ির রামগড় পর্যন্ত ৩৮ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হচ্ছে।
২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া প্রকল্পে বিদ্যমান ১৮ ফুট প্রশস্ত সড়কটি ৩৮ ফুটে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়। দুই বছর মেয়াদি এ প্রকল্পের কাজ পেয়েছে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান অশোকা বিল্ডকন লিমিটেড।



