সবুজ চা-বাগানের আঁকাবাঁকা পথ পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে আসে শিশুরা। অভাব-অনটনের সংসারে তাদের অনেকের কাছেই নতুন স্কুলব্যাগ, খাতা কিংবা পেনসিল বিলাসিতার মতো। সেই শিশুদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দিয়ে তাদের পড়াশোনায় নতুন উৎসাহ জোগাল চট্টগ্রাম বন্ধুসভা।
প্রথম শ্রেণির শিক্ষার্থী প্রণব দাশের মুখেও ফুটে উঠল আনন্দের হাসি। নতুন স্কুলব্যাগ, খাতা ও পেনসিল হাতে পেয়ে খুশিতে সেগুলো বুকে জড়িয়ে ধরে সে। প্রণবের মতো এমন আনন্দে মেতে ওঠে চা-বাগানের আরও অনেক শিশু।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে গত ২৫ অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উদালিয়া চা-বাগানে এ উদ্যোগ নেওয়া হয়। চা-বাগানে অবস্থিত আলহাজ্ব মোস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনটি বিদ্যালয়ের প্রায় ১০০ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ, খাতা, পেনসিল, রাবার, শার্পনার, স্কেল ও পেনসিল বাক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা।
অনুষ্ঠানে বন্ধুসভার বন্ধু ও জাহানারা মমতাজ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীর বলেন, ‘সন্তানদের মধ্যে কোনো ধরনের বিভেদ থাকবে না। চা-শ্রমিকদের সন্তান বলে আলাদা কোনো ট্যাগ থাকবে না। এই কোমলমতি শিক্ষার্থীরা শুধু উদালিয়া চা–বাগানেই আলো ছড়াবে না, পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে একদিন বড় হয়ে নিজেদের চিকিৎসক, প্রকৌশলী হিসেবে প্রতিষ্ঠিত করবে দেশজুড়ে।’

উদালিয়া চা-বাগানের সহকারী মহাব্যবস্থাপক নাদিম খান প্রথম আলো ও বন্ধুসভার এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রথম আলোর ব্যাপ্তি সারা দেশে। দীর্ঘ এই সফল যাত্রার অংশ হিসেবে শিশুদের জন্য উপহার নিয়ে এসেছেন বন্ধুসভার বন্ধুরা। এ জন্য প্রথম আলো ও বন্ধুসভাকে ধন্যবাদ। সামনের দিনগুলোতেও চট্টগ্রাম বন্ধুসভা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশা করি।’
ফটিকছড়ি প্রতিদিন সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক এস এম আক্কাছ বলেন, ‘যা কিছু শুভ, সুন্দর ও ভালো তার সঙ্গে প্রথম আলো; যা কিছু অশুভ, অসুন্দর ও কালো, তার বিরুদ্ধে প্রথম আলো।’ পাহাড় ও সমতলের বিভেদ কাটিয়ে সবাইকে একই কাতারে দাঁড় করাতে প্রথম আলোর ভূমিকার প্রশংসা করেন তিনি।
চা-শ্রমিক পরিবারের জীবনসংগ্রামের কথা তুলে ধরেন চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আবেশ দাশ। তিনি বলেন, সবুজ পাতার আড়ালে যাঁরা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে জীবন পার করেন, তাঁদের অনেকের পক্ষেই সন্তানদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনা কঠিন। দৈনিক মাত্র ১৮৭ টাকা মজুরিতে সংসার চালাতে গিয়ে তাঁদের হিমশিম খেতে হয়। এমন পরিস্থিতিতে শিশুদের হাতে নতুন খাতা ও পেনসিল তুলে দেওয়া তাঁদের জন্য বড় প্রাপ্তি। এ উদ্যোগের জন্য চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা নতুন করে পড়াশোনার উৎসাহ ও উদ্দীপনা ফিরে পাবে।

কালাপানি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিক্রম দাশ বলেন, শিক্ষার্থীরা উপহার পেয়ে খুব খুশি হয়েছে। এসব শিক্ষা উপকরণ তাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত করবে।
চিকনছড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুন্নী রাণী দাশ বলেন, উপহারগুলো শিক্ষার্থীদের মনে পূজার আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করতে পারা আনন্দের। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে চট্টগ্রাম বন্ধুসভাকে পাশে পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।
আলহাজ্ব মোস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু মুখার্জি বলেন, ‘আমার বাচ্চাগুলো খুব খুশি। বাবা-মায়ের সামর্থ্য না থাকায় তারা অনেক কিছু পায় না। আপনাদের এই উপহার তাদের সামনে এগিয়ে নিতে অনেক সাহায্য করবে।’
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি নুরুজ্জামান খান বলেন, ‘আজকের এই শিশুরাই আগামী দিনের সম্পদ। বন্ধুসভার পক্ষ থেকে এই বাচ্চাদের মধ্যে আলো ছড়িয়ে দিতে পেরে ভালো লাগছে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উদালিয়া চা-বাগানের ব্যবস্থাপক সমীরণ মৃধা, সহকারী ব্যবস্থাপক মুহাম্মদ ওমর ফারুক এবং চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু শাওন রায়, প্রান্তিকা ভৌমিক, সাঈদ আল সোহেল ও সামিয়া সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান।



