এইচএসসি ও সমমানের ফল:

ফটিকছড়িতে পাসের হারে এগিয়ে মাদ্রাসা, জিপিএ-৫-এ কলেজ

ওবাইদুল আকবর রুবেল >>

চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে পাসের হারে কলেজের তুলনায় এগিয়ে রয়েছে মাদ্রাসাগুলো। অন্যদিকে, জিপিএ-৫ অর্জনে এগিয়ে কলেজ। ফটিকছড়ি উপজেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩৯ দশমিক ৪০ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১ জন। অন্যদিকে, আলিম পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৪২ শতাংশ। এ উপজেলার মাদ্রাসাগুলোর মধ্যে একমাত্র কাঞ্চননগরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে একজন জিপিএ-৫ পেয়েছে।

ফটিকছড়ি উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩৪ দশমিক ১২ শতাংশ। এ উপজেলায় এবার কেউ জিপিএ-৫ পায়নি। তবে আলিম পরীক্ষায় উপজেলার একমাত্র ফাজিল মাদ্রাসা নারায়ণহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পাসের হার ৭৬ দশমিক ৪৭ শতাংশ। এ মাদ্রাসা থেকে একজন জিপিএ-৫ পেয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ফলাফল শিট বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে দেওয়া এবারের আলিম পরীক্ষার ফলাফল শিট।

কলেজের ফলাফলে এগিয়ে দক্ষিণ ফটিকছড়ি

ফটিকছড়ি উপজেলায় সাতটি কলেজের মধ্যে এইচএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে দক্ষিণ ফটিকছড়ির পূর্ব ধলই খাদিজা মালেক স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৯ জন। পাসের হার ৬০ দশমিক ৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে একজন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে দেওয়া এবারের আলিম পরীক্ষার ফলাফল শিট।

দ্বিতীয় স্থানে রয়েছে ফটিকছড়ি সরকারি কলেজ। এ কলেজ থেকে এবার ৮৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৩৫ জন। পাসের হার ৪১ দশমিক ৩৬ শতাংশ। তবে জিপিএ-৫ অর্জনে কলেজটি উপজেলায় শীর্ষে রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে পাঁচজন।

তৃতীয় স্থানে রয়েছে ইছাপুর বাদশা মিয়া চৌধুরী কলেজ। এ কলেজ থেকে ১২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪২ জন। পাসের হার ৩৬ দশমিক ৫২ শতাংশ। কেউ জিপিএ-৫ পায়নি।

পাসের হারে চতুর্থ স্থানে রয়েছে নানুপুর লায়লা-কবির কলেজ। এ কলেজ থেকে ৪০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪৪ জন। পাসের হার ৩৫ দশমিক ৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চারজন। জিপিএ-৫ অর্জনের দিক থেকে কলেজটি উপজেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।

পাসের হার ও ফলাফলে পিছিয়ে সদরের কয়েকটি কলেজ

এইচএসসি পরীক্ষার ফলাফলে দক্ষিণ ফটিকছড়ির কয়েকটি কলেজের তুলনায় উপজেলা সদর ও আশপাশের কয়েকটি কলেজ পিছিয়ে রয়েছে। ফটিকছড়ি সরকারি কলেজ জিপিএ-৫ অর্জনে উপজেলায় শীর্ষে থাকলেও পাসের হারে রয়েছে দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে, গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবারও তুলনামূলক ভালো ফল করতে পারেনি।

সামগ্রিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে দক্ষিণ ফটিকছড়ির কয়েকটি কলেজ এগিয়ে রয়েছে। অন্যদিকে, উপজেলা সদরের ফটিকছড়ি সরকারি কলেজ জিপিএ-৫ অর্জনে শীর্ষে। তবে কলেজের তুলনায় মাদ্রাসাগুলোতে পাসের হার উল্লেখযোগ্যভাবে বেশি।

দাখিলের পর আলিমেও এগিয়ে গাউসুল আজম মাদ্রাসা

ফটিকছড়ির আটটি মাদ্রাসার মধ্যে আলিম পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে মাদ্রাসা-এ গাউসুল আজম মাইজভান্ডারী। এবার এ মাদ্রাসা থেকে ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪১ জন। পাসের হার ৯৩ দশমিক ১৮ শতাংশ। তবে কেউ জিপিএ-৫ পায়নি। এর আগে দাখিল পরীক্ষার ফলাফলেও পাসের হারে এগিয়ে ছিল প্রতিষ্ঠানটি।

দ্বিতীয় স্থানে রয়েছে ফটিকছড়ির প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৫ জন। পাসের হার ৮৩ দশমিক ৩৩ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে কাঞ্চননগরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা। আলিম পর্যায়ে পাঠদান চালুর পর এবারই প্রথম পরীক্ষায় অংশ নেয় প্রতিষ্ঠানটি। প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েই ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন পাস করেছে। পাসের হার ৮০ শতাংশ। তাদের মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে।

প্রথমবার আলিম পরীক্ষায় অংশ নিয়েই জিপিএ-৫ কাঞ্চননগরহাট মাদ্রাসার

আলিম পর্যায়ে পাঠদান চালুর পর প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েই সাফল্য দেখিয়েছে উপজেলা সদরের কাছাকাছি অবস্থিত কাঞ্চননগরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন পাস করেছে। তাদের মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও জিপিএ-৫-এর চমক

বরাবরের মতো এবারও জিপিএ-৫ অর্জনে সাফল্য দেখিয়েছে ফটিকছড়ির একমাত্র কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ফটিকছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে চারজন। প্রতিষ্ঠানটির পাসের হার ৫৬ দশমিক ৬৫ শতাংশ।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা বলেন, ‘সারা দেশের মতো ফটিকছড়িতেও গতবারের তুলনায় এবার এইচএসসিতে পাসের হার বাড়েনি। পাশাপাশি জিপিএ-৫-এর সংখ্যাও কমেছে। তবে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তরে কলেজের তুলনায় মাদ্রাসাগুলো ভালো ফল করেছে। প্রথমবার আলিম পরীক্ষায় অংশ নিয়েই পাসের হার ও জিপিএ-৫ অর্জনে সাফল্য দেখিয়েছে কাঞ্চননগরহাট আলিম মাদ্রাসাটি।’

ফটিকছড়ি সরকারী কলেজের অধ্যক্ষ মো. আবদুল খালেক বলেন, ‘ফটিকছড়ি সরকারি কলেজ ফলাফলে ভালো করছে। তবে শুধু পাসের হার দিয়ে শিক্ষার সামগ্রিক মান নির্ধারণ করা যায় না। পরীক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫, বিষয়ভিত্তিক ফলাফল, শিক্ষকসংখ্যা, পাঠদানের পরিবেশ ও শিক্ষার্থীদের প্রস্তুতিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।’

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, ফলাফল বিশ্লেষণ করে দুর্বলতা চিহ্নিত করা, মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি জোরদার করা প্রয়োজন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?