বয়স হয়েছিল ৭০ বছর। জীবনের শেষ প্রান্তে এসে একটি স্বপ্ন দেখেছিলেন লিয়াকত আলী মুন্সি। এলাকার মানুষের নামাজ আদায়ের জন্য নির্মাণ করতে চেয়েছিলেন একটি সুন্দর জামে মসজিদ। সেই স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগও নিয়েছিলেন তিনি। মসজিদ নির্মাণের জন্য নিজের সঞ্চয় থেকে দুই লাখ টাকা তুলে দিয়েছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরু উদ্দিন নুরুর হাতে।
কিন্তু নিজের স্বপ্নের মসজিদ দেখে যেতে পারেননি লিয়াকত আলী মুন্সি। এক মাস আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তিনি। তবে মানুষটি না থাকলেও রয়ে গেছে তাঁর স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছেন নুরু উদ্দিন নুরু।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ফেনুয়াবিল পূর্ব টিলা পাড়ায় পুরোনো ও জরাজীর্ণ ইবাদতখানার জায়গায় নির্মাণ করা হচ্ছে নতুন জামে মসজিদ। প্রয়াত লিয়াকত আলী মুন্সির স্বপ্ন পূরণে নেওয়া হয়েছে এ উদ্যোগ। রোববার (১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে মসজিদটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
নির্মাণকাজের উদ্বোধন করেন কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কাশেম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরু উদ্দিন নুরু, মোহাম্মদ সাইফু উদ্দিন মানিক, মোহাম্মদ বাহাদুর, মোহাম্মদ ইলিয়াছ কোম্পানি, আক্তার সওদাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী বলেন, ‘লিয়াকত আলী মুন্সি একটি মসজিদ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আয়ু তাঁকে সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দেয়নি। তাঁর অসমাপ্ত স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন যুবদল নেতা নুরু উদ্দিন। এ উদ্যোগের জন্য তাঁকে শুভকামনা জানাই।’
নুরু উদ্দিন নুরু বলেন, ‘মুন্সি সাহেব আমাকে খুব মূল্যায়ন করতেন, স্নেহ করতেন। তিনি মসজিদ নির্মাণের জন্য আমাকে দুই লাখ টাকা দিয়ে গেছেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করছি। ইনশা আল্লাহ, এক মাসের মধ্যেই মসজিদ নির্মাণের কাজ শেষ করব।’
মসজিদ নির্মাণে প্রয়াত লিয়াকত আলী মুন্সির পরিবারের সদস্যরাও আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
একসময় যে মানুষটি নিজ হাতে মসজিদ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন, আজ তাঁর কবরের পাশেই গড়ে উঠছে সেই মসজিদ। তাঁর মৃত্যুর পর অন্যের হাত ধরে বাস্তবে রূপ নিচ্ছে স্বপ্নটি। নতুন এই মসজিদ শুধু এলাকার মানুষের ইবাদতের স্থানই হবে না, হয়ে থাকবে লিয়াকত আলী মুন্সির স্বপ্ন ও স্মৃতির এক অনন্য নিদর্শন।



