চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন চৌধুরী আর নেই। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস করেন(ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বোরহান উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত শুক্রবার থেকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
বোরহান উদ্দিন চৌধুরী ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আফতাব উদ্দিন চৌধুরীর ছোট ভাই। মহান মুক্তিযুদ্ধে তিনি ১ নম্বর সেক্টরের অধীনে রামগড় এলাকায় অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি দীর্ঘদিন ফটিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন চৌধুরীর মৃত্যুতে ফটিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।



