স্বাধীনতার পর প্রথমবার সীমান্তবর্তী রহমতপুরে গেলেন কোনো এমপি

ওবাইদুল আকবর রুবেল

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সীমান্তবর্তী বাগানবাজার ইউনিয়নের রহমতপুর গ্রাম। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া তেমন লাগেনি দুর্গম এ জনপদে। সড়ক, সেতু ও বিদ্যুৎসহ নানা নাগরিক সুবিধার সংকটে এখানকার মানুষের জীবনযাত্রা। দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো কোনো সংসদ সদস্যের আগমন ঘিরে গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। তাঁকে একনজর দেখতে সকাল থেকেই ভিড় করেন শত শত মানুষ।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে রহমতপুরের মানুষের জীবনযাত্রা, জনদুর্ভোগ ও সীমান্ত এলাকার বাস্তব চিত্র দেখতে যান চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। এ সময় বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর পানুয়া ওয়ার্ডে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি স্কুল ভবনের উদ্বোধন করেন তিনি। পরে নবপ্রতিষ্ঠিত নয়দোলং মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য।

সরোয়ার আলমগীর বলেন, ‘আমি এই এলাকায় এসে দেখেছি, এখানকার মানুষ কতটা কষ্টের মধ্যে বসবাস করছেন। এলাকার মানুষের দুর্ভোগ লাঘব ও উন্নয়নে কাজ করতে চাই। বিশেষ করে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সেতু, সড়ক ও বিদ্যুৎ খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, বাগানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক বাবুল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, বিএনপি নেতা ইউছুপ আলম মাসুদ, জসিম উদ্দিন, মহিউদ্দিন, আবুল খায়ের, আবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

বাগানবাজার শান্তিনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ওলি উল্ল্যাহ চৌধুরী বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর প্রথমবারের মতো কোনো সংসদ সদস্যের রহমতপুর, পানুয়া ও নয়দোলং গ্রামে আগমন তাঁদের জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় ঘটনা। দীর্ঘদিন ধরে অবহেলিত এসব জনপদের মানুষের দুর্ভোগ সরেজমিনে প্রত্যক্ষ করে এমপি সড়ক সংস্কার, শিক্ষা, বিদ্যুৎ ও চিকিৎসাসহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন। তাঁর এ আশ্বাসে এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?