হেফাজত আমির

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়

নিজস্ব প্রতিবেদক

সাহাবায়ে কেরামের অনুসৃত পথই সিরাতুল মুস্তাকিম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত আদর্শ উল্লেখ করে জামায়াতে ইসলামী ও মওদূদীবাদের সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামীর দ্বীন আমাদের দ্বীন নয়, জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়।’

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার ১০৪তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুনগরী বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী উম্মতের মধ্যে বিভিন্ন ভ্রান্ত ফিরকার আবির্ভাব ঘটেছে। সাহাবায়ে কেরামের অনুসৃত পথই সিরাতুল মুস্তাকিম এবং কোরআন-হাদিসের আলোকে এই পথই নাজাতের মাধ্যম। সাহাবিদের সত্যের মাপকাঠি হিসেবে অস্বীকার করার মানসিকতার সমালোচনা করে তিনি বলেন, পাঁচ ওয়াক্ত নামাজসহ দ্বীনের মৌলিক আমলগুলো সাহাবায়ে কেরামের মাধ্যমেই পাওয়া। তাঁদের অস্বীকার করলে দ্বীনের ধারাবাহিকতাই প্রশ্নের মুখে পড়ে।

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আ’লা মওদূদীর চিন্তাধারার সমালোচনা করে হেফাজত আমির বলেন, মওদূদী সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে স্বীকার করেননি। এটি ইসলামের মূল আকিদার সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও ধর্মীয় আদর্শের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের মৌলিক পার্থক্য রয়েছে।
বৃহস্পতিবার বাদ ফজর শুরু হওয়া দুই দিনব্যাপী এই মহাসম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি প্রতিমন্ত্রী, রাউজান আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ হেফাজতে ইসলাম ও দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা।

সূত্র- ফেস দ্যা পিপলস।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?