আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহী-জনতার অভ্যুত্থানের ৫১ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনে সরকার দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে আজ দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। দেশের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলোও জাতীয় পতাকায় সজ্জিত করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক সংগীতানুষ্ঠান, প্রদর্শনী ফুটবল ম্যাচসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে বিএনপিও সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে। আজ সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শোভাযাত্রায় নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে।
ঐতিহাসিক প্রেক্ষাপট
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর দেশে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা তৈরি হয়। একই বছরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় ৬ নভেম্বর রাতে সেনাবাহিনীর সাধারণ সদস্যদের মধ্যে বিদ্রোহ দেখা দেয়। ৭ নভেম্বর সকালে সিপাহী ও সাধারণ মানুষের অংশগ্রহণে সংঘটিত অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। পরবর্তী সময়ে তিনি দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনা। দিনটির তাৎপর্য ও রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে বিভিন্ন মহলে ভিন্নমত থাকলেও দেশের রাজনৈতিক গতিপথ পরিবর্তনে এ ঘটনার প্রভাব ছিল সুদূরপ্রসারী।



