ফটিকছড়ি কলেজ মাঠে সরোয়ার আলমগীর এমপি

ফটিকছড়ির উন্নয়ন বাধাগ্রস্তের ষড়যন্ত্র হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ির উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে বিএনপির চার ইউনিটের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র রক্ষায় ভূমিকা রেখেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান সময়েও যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবারও এক হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে বিএনপি রাজপথে রয়েছে। কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।

সরোয়ার আলমগীর আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দিনরাত কাজ করছেন। ফটিকছড়িতেও উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগান ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।

জনসভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে সরকার কাজ করে যাচ্ছে। ফটিকছড়ির উন্নয়নে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন আহমেদ হোসেন তালুকদার, নাজিম উদ্দীন শাহীন, রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, এজাহার মিয়া, আবুল কালাম আজাদ, শফিউল আলমসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী। এর আগে বিকেলে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে ফটিকছড়ি সদর বিবিরহাট এলাকায় র‍্যালি বের করা হয়। জনসভা শেষে ঢাকা থেকে আসা শিল্পী ইতুন বাবু, মৌসুমিসহ একটি দল সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?