চট্টগ্রামের ফটিকছড়িতে মধ্যরাত ও ভোরে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ফটকে ‘ধর্মঘট’ লেখা পোস্টারও সাঁটানো হয়। একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান সংগঠনটির নেতা-কর্মীরা।
তালা দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—ফটিকছড়ি সরকারি কলেজ, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চবিদ্যালয়, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও দৌলতপুর সৈয়দ-সৈয়দ উচ্চবিদ্যালয়।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। পরে তালা লাগানো ও বিক্ষোভ মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
কলেজের নিরাপত্তাপ্রহরী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে ফটিকছড়ি সরকারি কলেজের প্রধান ফটকে ব্যানার টাঙিয়ে শিকল পেঁচিয়ে তালা লাগানো হয়। একইভাবে উপজেলার আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকেও তালা দেওয়া হয়। এসব ফটকে ‘ধর্মঘট’ লেখা পোস্টার সাঁটানো ছিল।
এদিকে মঙ্গলবার ভোরে উপজেলার গহিরা-ফটিকছড়ি সড়কের লেলাং ইউনিয়নের চাড়ালিয়াহাট মোড়ে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক সাফরাজ খান মিরাজ। অন্যদিকে, ছাত্রলীগ কর্মী আজগর পারভেজের নেতৃত্বে ভূজপুর-কাজিরহাট সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকাতেও ছাত্রলীগ কর্মী মিনহাজের নেতৃত্বে মিছিলের খবর পাওয়া গেছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা এক ব্যক্তি ফটিকছড়ি সরকারি কলেজের প্রধান ফটকে শিকল পেঁচিয়ে তালা লাগাচ্ছেন। ওই ব্যক্তি উপজেলা ছাত্রলীগের কর্মী মুরাদ মাহমুদ বলে জানা গেছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি কে এফ সাইমুন বলেন, ‘ফটিকছড়ি থানা-পুলিশের নাকের ডগায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। এর দায় প্রশাসন এড়াতে পারে না।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে তালা লাগানোর বিষয়টি আমার জানা নেই। তারা অবরোধ কর্মসূচি পালন করতে চাইলে সড়কে আসুক। শিক্ষাপ্রতিষ্ঠানে তালা লাগাতে হবে কেন? এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।’



