মানুষের জীবন থেমে যায়, কিন্তু তাঁর কর্ম থেকে যায়। সময়ের ব্যবধানে অনেক কিছু হারিয়ে গেলেও মানুষের কল্যাণে যাঁরা নিজেদের জীবন ও সম্পদ ব্যয় করেন, তাঁরা বেঁচে থাকেন প্রজন্মের স্মৃতিতে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের আদালত খাঁন চৌধুরী তেমনই একজন মানুষ। তাঁর হাতে গড়া দুটি শিক্ষাপ্রতিষ্ঠান আজও ছড়িয়ে যাচ্ছে শিক্ষার আলো। প্রতিষ্ঠান দুটির হাজারো শিক্ষার্থীর মধ্য দিয়ে বেঁচে আছে তাঁর স্বপ্ন ও আদর্শ। আজ ১১ নভেম্বর মহান এই ব্যক্তির ৪৭তম মৃত্যুবার্ষিকী।
১৯০৯ সালে শাহনগর গ্রামের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন আদালত খাঁন চৌধুরী। তাঁর বাবা উপমহাদেশের প্রখ্যাত জমিদার মোখলেছুর রহমান এবং মা ফাতেমা চৌধুরানী। বাবার ব্যবসার সুবাদে তাঁর বেড়ে ওঠা ও ব্যবসায়িক কর্মকাণ্ডের বড় একটি অংশ পরিচালিত হয় তৎকালীন বার্মার রাজধানী ইয়াঙ্গুনে, যা রেঙ্গুন নামেও পরিচিত ছিল। প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা না থাকলেও কর্মদক্ষতা, দূরদর্শিতা ও সাংগঠনিক যোগ্যতায় তিনি সামরিক-বেসামরিক মহলে পরিচিতি অর্জন করেন।
আদালত খাঁন ছিলেন স্বদেশপ্রেমিক, ব্যবসায়ী, রাজনীতিসচেতন ও ইসলামী চিন্তাধারার অনুসারী। ব্রিটিশবিরোধী আন্দোলন, স্বদেশি ও খেলাফত আন্দোলনের প্রতি তাঁর সমর্থন ছিল। অখণ্ড ভারতীয় রাজনীতিতে বিশ্বাসী এই ব্যক্তিত্বের সঙ্গে উপমহাদেশের অনেক প্রভাবশালী রাজনৈতিক ও ধর্মীয় নেতার যোগাযোগ ছিল। মাওলানা সৈয়দ হোসাইন আহমদ মাদানী (রহ.)-এর মুরিদ হিসেবে তিনি শেরেবাংলা এ কে ফজলুল হক, মাওলানা আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান ইসলামাবাদী, কাজেম আলী মাস্টার, শরৎ বসু, আশরাফ উদ্দীন চৌধুরী ও জে এম সেনসহ অনেক বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ করেন।
শিক্ষার আলোই আলোকিত
আদালত খাঁন চৌধুরীর জীবনের অন্যতম বড় অবদান শিক্ষা বিস্তারে ভূমিকা রাখা। তাঁর সময়ে গ্রামীণ জনপদে শিক্ষার সুযোগ ছিল সীমিত। অশিক্ষা ও কুসংস্কারের প্রভাবও ছিল প্রবল। এমন বাস্তবতায় শাহনগর ও আশপাশের এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

১৯৩১ সালে তিনি প্রতিষ্ঠা করেন শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর ১৯৫৮ সালে প্রতিষ্ঠা করেন শাহনগর বহুমুখী উচ্চবিদ্যালয়। প্রত্যন্ত গ্রামীণ জনপদে প্রতিষ্ঠিত এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এখান থেকে শিক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।
শাহনগরের মানুষের কাছে তাঁর এই উদ্যোগ শুধু দুটি বিদ্যালয় প্রতিষ্ঠার ঘটনা নয়; বরং একটি শিক্ষিত সমাজ গড়ে তোলার দূরদর্শী প্রয়াস। আজও বিদ্যালয় দুটির শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের পদচারণা ও শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে তাঁর সেই স্বপ্নের প্রতিফলন ঘটছে।

দুর্ভিক্ষে মানুষের পাশে
শিক্ষা বিস্তারের পাশাপাশি জনকল্যাণমূলক কাজেও অবদান রেখেছেন আদালত খাঁন। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় নিজ অর্থায়নে লঙ্গরখানা প্রতিষ্ঠা করে অসহায় ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ান তিনি। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও সেবামূলক প্রতিষ্ঠানে অকাতরে দান করতেন।
১৯৪৫ সালে কলকাতায় অবস্থানকালে প্রাক্তন মন্ত্রী অ্যাডভোকেট নুরুল হক চৌধুরীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এক কর্নেলের অনুরোধে তিনি দামোদর বিদ্যুৎ প্রকল্প ও ফোর্ট উইলিয়ামের পুনর্নির্মাণের কাজ শুরু করেন বলে জানা যায়। এ সময় ভারতের বিভিন্ন স্থানেও তাঁর ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয়।
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর ব্যবসা-বাণিজ্য গুটিয়ে স্বদেশে ফিরে আসেন তিনি। এরপর সামাজিক উন্নয়ন, রাজনীতি ও দেশসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হন। ১৯৫১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের অবৈতনিক পোর্ট কমিশনার হিসেবে নিয়োগ পান। ভাষা আন্দোলনে সম্পৃক্ততার প্রেক্ষাপটে ১৯৫৩ সালে ওই পদ থেকে পদত্যাগ করেন।
তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় তিনি কিছু সময় মুসলিম লীগের সদস্যও ছিলেন। ১৯৫৪ সালের নির্বাচনী প্রচারণার সময় খাজা নাজিমুদ্দীন, শেরেবাংলা এ কে ফজলুল হক, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ অনেক জাতীয় নেতা তাঁর চট্টগ্রাম কলেজ এলাকার বাসভবনে আতিথেয়তা গ্রহণ করেন।
মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় আদালত খাঁন চৌধুরী পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতন ও লাঞ্ছনার শিকার হন। তাঁর পরিবারের সদস্যরাও মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে ভূমিকা রাখেন। তাঁর বড় ছেলে শের খাঁন চৌধুরী এবং ভাইপো ওসমান গণি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর ভাই মিয়া মোহাম্মদ ইদ্রীস স্বাধীনতার পর লেলাং ইউনিয়নের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য নুরুল আলম চৌধুরী এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম তাঁর বোনের ছেলে। চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ও বিএমএর সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরী তাঁর ভাইপো। পরিবারের আরও অনেকে দেশ-বিদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
স্বাধীনতার পর দেশকে সুন্দর, সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার বিষয়ে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আদালত খাঁন চৌধুরীর পত্রালাপ এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের তথ্যও পাওয়া যায়।
কর্মেই অমর
১৯৭৯ সালের ১১ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম কলেজ এলাকার নিজ বাসভবনে মারা যান আদালত খাঁন চৌধুরী। কাজেম আলী স্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন চট্টগ্রাম শাহী জামে মসজিদের ইমাম আবদুল আহাদ আল মাদানী। পরে চট্টগ্রামের মিসকিন শাহ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুর ৪৭ বছর পেরিয়ে গেলেও তাঁর কর্মের স্মৃতি মুছে যায়নি। শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহনগর বহুমুখী উচ্চবিদ্যালয় আজও তাঁর অবদানের সাক্ষ্য বহন করছে। প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীদের পদচারণায় প্রতিদিন নতুন করে বেঁচে উঠছে তাঁর শিক্ষার স্বপ্ন।



