চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার থেকে ফটিকছড়ির নানুপুর- দুই জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। আলেম-ওলামা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানান স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী। পরে ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হয় বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব নাসির উদ্দিন বাহাদুরকে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ফটিকছড়ি উপজেলার পশ্চিম নানুপুর মন্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামিয়া ইসলামিয়া বাবুনগরের মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এর আগে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন জামিয়া ইসলামিয়া ওবাইদিয়ার মহাপরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী, জামিয়া ইসলামিয়া বায়তুল হুদার মহাপরিচালক আল্লামা এমদাদুল্লাহ নানুপুরী, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।
গত ১৩ নভেম্বর শুক্রবার ভোর সাড়ে চারটায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের উইনথ্রপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসির উদ্দিন বাহাদুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার, জামায়াতে ইসলামীর নেতারা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিকে জানাজায় অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানানো এবং শোক প্রকাশ করায় সবার প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর একমাত্র ছেলে মহিউদ্দিন নাসির।
জানাজার আগে স্মৃতিচারণা করতে গিয়ে বক্তারা বলেন, নাসির উদ্দিন বাহাদুর ছিলেন উদার ও মানবিক গুণাবলির অধিকারী। দানশীলতা, শিক্ষা বিস্তার ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর অবদান এলাকার মানুষ দীর্ঘদিন স্মরণ করবেন।
ব্যবসা ও সমাজসেবায় বর্ণাঢ্য জীবন
১৯৫০ সালের ৩০ আগস্ট ফটিকছড়ির পশ্চিম নানুপুরের মান্নান ডাক্তার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নাসির উদ্দিন বাহাদুরের। তাঁর বাবা আলহাজ আবুল কাসেম ছিলেন শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক। বাবার পথ অনুসরণ করে ব্যবসা ও সমাজসেবায় নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
নাসির উদ্দিন বাহাদুর জে এম সেন হাইস্কুল ও সরকারি কমার্স কলেজে পড়াশোনা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ক্রীড়া সম্পাদকও ছিলেন।
কর্মজীবনে তিনি পঞ্চবটি চা-বাগানের স্বত্বাধিকারী ছিলেন। বাংলাদেশ টিম্বার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
শিক্ষা ও সমাজসেবায়ও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাঁর উদ্যোগে পঞ্চবটি আবুল কাশেম বিদ্যালয়, ফোরকানিয়া মাদ্রাসা, হাফিজিয়া এতিমখানা ও আবুল কাশেম ফাউন্ডেশনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক সংগঠন প্রতিষ্ঠিত হয়। তিনি পশ্চিম নানুপুর মান্নানীয়া শাহী জামে মসজিদের মোতাওয়াল্লির দায়িত্বও পালন করেন।
ব্যবসা, শিক্ষা ও সমাজসেবায় দীর্ঘদিনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজ এলাকায় পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন নাসির উদ্দিন বাহাদুর। তাঁর মৃত্যুতে ফটিকছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



