সংসদে অর্থমন্ত্রী

ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের সব আয় করমুক্ত

ডেক্স নিউজ

আইটি ফ্রিল্যান্সিংয়ের গণ্ডি পেরিয়ে এবার সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় সম্পূর্ণ করমুক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। এর ফলে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি এবং অনলাইনভিত্তিক বিভিন্ন কাজে যুক্ত ব্যক্তিরা কর অব্যাহতির আওতায় আসবেন।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের এ উদ্যোগের ফলে দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতায়ও এ বিষয়ে কর অব্যাহতির প্রস্তাব তুলে ধরেছিলেন অর্থমন্ত্রী। গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় তিনি জানিয়েছিলেন, আগে শুধু আইটি ফ্রিল্যান্সিংয়ের আয়ে কর অব্যাহতির সুযোগ থাকলেও এবার তা সব ধরনের ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রে সম্প্রসারণের প্রস্তাব করা হচ্ছে।

একই সঙ্গে তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে সব ধরনের কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় করমুক্ত করার প্রস্তাব দেন তিনি। এর আওতায় ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে আয় করা ব্যক্তিরাও সুবিধা পাবেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও বলেন, ফ্রিল্যান্সারদের আয় বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনতে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের সেবার ওপর প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাবও তুলে ধরেন তিনি।

সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের তরুণ উদ্যোক্তা, অনলাইন পেশাজীবী, ফ্রিল্যান্সার ও ডিজিটাল কনটেন্ট নির্মাতারা আর্থিকভাবে উপকৃত হবেন। পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন এবং ডিজিটাল অর্থনীতির বিকাশেও এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?