চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়ে একটি এক্সকাভেটর ও একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাত উপজেলার নানুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গামারিতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ফটিকছড়ি থানা-পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গামারিতলা এলাকায় গত তিন থেকে চার দিন ধরে অবৈধভাবে টিলার মাটি কাটা হচ্ছিল। এ খবর পেয়ে প্রশাসন সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর ও মাটি পরিবহনের একটি ডাম্প ট্রাক আটক করা হয়। পরে যানবাহন দুটি জব্দ দেখানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, টিলা কাটা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং অবৈধভাবে টিলা কাটা বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশবিধ্বংসী এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।



