ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের গভীর অরণ্য থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করা আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর প্রায় ২০ সদস্যের লোকালয়ে বিরল উপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বন দখল, অবৈধ কাঠ আহরণ, শিকার ও গবাদিপশুর খামার সম্প্রসারণের চাপে জনগোষ্ঠীটির অস্তিত্ব হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো।
মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকারবিষয়ক সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল বিরল এ ঘটনার কিছু ছবি প্রকাশ করে। সংগঠনটির তথ্যমতে, এর আগের দিন সোমবার (১৬ নভেম্বর) ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডে সরকারি একটি দলের কাছে হাজির হন আওয়া জনগোষ্ঠীর প্রায় ২০ সদস্য। এ সময় তাঁরা খাবার চান এবং খাবার নিয়ে আবার বনে ফিরে যান।

মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক কয়েক দশকে আওয়া জনগোষ্ঠীর এমনভাবে লোকালয়ে এগিয়ে আসার নজির নেই। নিজেদের আবাসভূমিতে বহিরাগতদের অনুপ্রবেশ ও ক্রমবর্ধমান চাপের কারণেই তাঁরা খাবারের সন্ধানে মানুষের কাছে এসে থাকতে পারেন বলে ধারণা করছে সারভাইভাল ইন্টারন্যাশনাল।
আওয়া জনগোষ্ঠী ব্রাজিলের উত্তর-পশ্চিম মারানহাও অঞ্চলের তুপি-গুয়ারানি ভাষাভাষী আদিবাসী সম্প্রদায়। তাঁদের একটি অংশ এখনো স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করছে। তারা মূলত শিকার, মাছ ধরা ও বন থেকে খাদ্য সংগ্রহের মাধ্যমে জীবন ধারণ করে।
ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই (Funai) জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ঘটনার বিবরণ তারা পর্যালোচনা করছে। বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি কমাতে একটি জরুরি পরিকল্পনাও সক্রিয় করা হয়েছে। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, সরকারের নীতি এখনো তাদের সঙ্গে যোগাযোগ না করা এবং তাদের স্বেচ্ছায় বিচ্ছিন্ন থাকার অধিকারকে সম্মান করা।
প্রতিবেদনে আরও বলা হয়, আরারিবোইয়া অঞ্চলে অবৈধ কাঠুরে, শিকারি, খনিশ্রমিক ও গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশ দীর্ঘদিনের সমস্যা। এসব কর্মকাণ্ডের কারণে আমাজনের বনভূমি সংকুচিত হচ্ছে এবং বননির্ভর আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রা বিপন্ন হয়ে পড়ছে।
সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বহিরাগতদের অনুপ্রবেশের কারণে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী চরম চাপের মধ্যে রয়েছে। তাদের ভূখণ্ডের চারদিক থেকে অনুপ্রবেশকারীরা এগিয়ে আসছে। ফলে ধ্বংসযজ্ঞে ঘেরা আমাজনের ক্রমশ ছোট হয়ে আসা বনাঞ্চলে তারা সীমাবদ্ধ হয়ে পড়ছে।
সংগঠনটির তথ্যমতে, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশে বিশ্বের মোট ১৯৬টি যোগাযোগবিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১২৪টি জনগোষ্ঠীর অবস্থান ব্রাজিলে। সংগঠনটির দাবি, এসব জনগোষ্ঠীর প্রায় ৯৫ শতাংশ আমাজন অঞ্চলে বসবাস করে।
এদিকে মারানহাও অঞ্চলের আদিবাসী সংগঠন COAPIMA সতর্ক করে বলেছে, পরিকল্পনাহীন যোগাযোগ বিচ্ছিন্ন আদিবাসীদের জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষ করে বাইরের মানুষের সংস্পর্শে এসে বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে তাদের।
রয়টার্স জানিয়েছে, সারভাইভাল ইন্টারন্যাশনালের প্রকাশিত ভিডিও ও ছবির স্থান এবং ধারণের তারিখ তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে ১৭ নভেম্বরের আগে অনলাইনে এসব ছবির পুরোনো কোনো সংস্করণও পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স (Reuters)।



