মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আপন দুই ভাই। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহত দুই ভাই হলেন ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও তাঁর ছোট ভাই ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। তাঁরা হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বংশাল এলাকার হায়দার আলী সিপাহীর বাড়ির মোহাম্মদ হারুনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত থেকে এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃহস্পতিবারও দিনভর থেমে থেমে বৃষ্টি হওয়ায় মহাসড়ক পিচ্ছিল হয়ে পড়ে। বিকেলে তুষার তাঁর ছোট ভাই ইরাতকে নিয়ে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুষার মারা যান। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে ইমতিয়াজ মাহমুদ ইরাতের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত তুষার প্রবাসী ছিলেন। তিনি এক কন্যাসন্তানের জনক। দুই ছেলেকে একসঙ্গে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম বলেন, দুই সহোদরের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। একই পরিবারের দুই ভাইকে একসঙ্গে হারানোর শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কারণ অনুসন্ধান শুরু করে নাজিরহাট হাইওয়ে পুলিশ। পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ বলেন, ‘দুর্ঘটনাস্থলেই ইফতেখার মাহমুদ তুষার মারা যান। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?