ফটিকছড়িতে ইউপি নির্বাচন ২৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সময়সূচি অনুযায়ী, তৃতীয় ধাপে ২০২৭ সালের ২৯ এপ্রিল দেশের ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ তালিকায় রয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা।

নির্বাচন কমিশনের প্রকাশিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, তৃতীয় ধাপে অন্তর্ভুক্ত এসব ইউনিয়ন পরিষদে একই দিনে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হলে ২০২৭ সালের ২৯ এপ্রিল দুই উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে ইউপি নির্বাচনকে ঘিরে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। স্থানীয় পর্যায়ে নির্বাচনী মাঠে কারা প্রতিদ্বন্দ্বিতায় নামবেন, তা নিয়েও আগ্রহ বাড়ছে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন আচার অনুষ্ঠান ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে টানতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

তবে নির্বাচন কমিশনের প্রকাশিত এ সময়সূচি সম্ভাব্য সূচি। চূড়ান্ত তফসিল ঘোষণার পর নির্বাচনের তারিখ ও অন্যান্য আনুষ্ঠানিক বিষয় নিশ্চিত হবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?