ফটিকছড়িতে বিএনপির মিছিলে চেয়ারম্যানকে ধাক্কা, উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরুর আগে ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে ভুজপুর থানা যুবদলের সভাপতি ও সাবেক সদস্য জাহেদুল আলমের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের বিবিরহাট বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্য এবং অপতৎপরতার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মিছিল শুরুর ঠিক আগমুহূর্তে চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন সামনের সারিতে যান। এ সময় জাহেদুল আলম তাঁকে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে। পরে পেছন থেকে নেতা-কর্মীরা ছুটে এসে চেয়ারম্যানকে ঘিরে ধরলে সেখানে ধাক্কাধাক্কি, হাতাহাতি ও হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উপস্থিত জ্যেষ্ঠ নেতারা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন হাতাহাতির বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘সামনে থেকে একজন এসে ধাক্কা দিতে চাইলে আমাদের এক কর্মী তাঁকে ধরে হালকাভাবে সরিয়ে দিয়েছে। এরপর সবাই মিলেমিশে বিষয়টি মিটমাট করে নিয়েছে। তেমন কিছু হয়নি।’

অন্যদিকে, ইউপি সদস্য জাহেদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘চেয়ারম্যান তো আওয়ামী লীগের দোসর। তাঁর সঙ্গে থাকা আওয়ামী লীগের দু-একজনও পিঠা খেয়েছে।’ ঘটনার পর চেয়ারম্যানের নেতৃত্বে দুই-তিনজন তাঁর ওপরও হামলা চালিয়েছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী বলেন, ‘জাহেদুল আলম দলের দুর্দিনে মিটিং-মিছিলে অংশ নিয়েছেন এবং জেল-জুলুম সহ্য করেছেন। সংসদ সদস্য এখন ফটিকছড়ির সবার প্রতিনিধি। তাই তার সঙ্গে কারও ঘনিষ্ঠভাবে মেলামেশা অন্যদের ভালো লাগছে না।’ এ কারণেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?