চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সঙ্গে ১১ নম্বর সুয়াবিল ইউনিয়নকে অন্তর্ভুক্তির সিদ্ধান্তের বিষয়ে গণশুনানির আবেদন বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
গত ৪ নভেম্বর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। এতে সুয়াবিল ইউনিয়নকে ফটিকছড়ি উত্তর উপজেলার সঙ্গে সংযুক্ত না করার দাবিতে চলমান তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে গণশুনানি আয়োজনের আবেদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
চিঠির সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর বৃহত্তর সুয়াবিল ইউনিয়ন অধিকার সংরক্ষণ ফোরামের পক্ষে সৈয়দ মোহাম্মদ ফরিদ ও ড. মো. মনজুরুল কিবরিয়া গণশুনানি আয়োজনের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
বৃহত্তর সুয়াবিল ইউনিয়ন অধিকার সংরক্ষণ ফোরামের পক্ষে স্থানীয় বাসিন্দা, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া বলেন, ‘স্থানীয় পর্যায়ে গণশুনানি ছাড়াই মাঠ প্রশাসনের সুপারিশ ও জনমত উপেক্ষা করে সুয়াবিল ইউনিয়ন এবং নাজিরহাট পৌরসভার তিনটি ওয়ার্ডকে ফটিকছড়ি উত্তর উপজেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে আমরা গণশুনানির আবেদন করেছি। বিভাগীয় কমিশনার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। তবে এখনো শুনানির তারিখ নির্ধারণ করা হয়নি।’



