৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত প্রার্থীর আইনজীবীদের প্রেস কনফারেন্স

ঋণখেলাপির বিরুদ্ধে দাঁড়ানোই কি অপরাধ? প্রশ্ন নুরুল আমিনের

রাজনৈতিক প্রতিবেদক

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১-দলীয় জোট সমর্থিত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে আইনজীবী দলের এক সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন প্রার্থী নুরুল আমিনের আইনজীবী অ্যাডভোকেট ইসমাঈল গণি। তিনি জানান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে নুরুল আমিনের দায়েরকৃত আপিল সুপ্রিম কোর্ট গ্রহণ করেছেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আসছে ২৮ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁর নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ দেন। ফলে বর্তমান পরিস্থিতিতে আলমগীরের নির্বাচনী ফলাফল সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয়।

তিনি অভিযোগ করেন, সরোয়ার আলমগীরের প্রতীক বরাদ্দ ও মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে নির্বাচন আইন ও প্রচলিত আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তাঁর দাবি, জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনি বিধান অনুসরণ না করে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

একাধিক আইনজীবী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘নির্বাচন আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিটি ধাপে আদালতের রায় মেনে চলা সকলের দায়িত্ব। আমরা কারো রক্তচক্ষুকে ভয় করিনা। হামলা-মামলার ভয় দেখিয়ে নির্বাচনী বৈতরনী পার হওয়া যাবে না। জনগণ বুঝে গেছে কে ভালো কে মন্দ।’

এ সময় আইনজীবী দলের সদস্য আলমগীর মোহাম্মদ ইউনুস বলেন, ‘সর্বোচ্চ আদালতে দায়েরকৃত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীর নির্বাচিত হলেও তার ভোটের ফলাফল ঘোষণা করা আইনত সম্ভব নয়।’ তিনি মনে করেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম পরিচালিত হলেও প্রার্থীর প্রাপ্ত ভোটের ফলাফল প্রকাশ করা যাবে না।’

সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ফটিকছড়িবাসীর পাশে আছি এবং আগামীতেও থাকব। তবে; কোনো ঋণখেলাপি, ব্যাংক ডাকাত, সন্ত্রাস ও চাঁদাবাজিকে আর চলতে দেওয়া হবে না। আমাকে মামলাবাজ বলে ভোটারদের বিভ্রান্ত করে তাদের অন্তর থেকে আমাকে দুরে রাখতে পারবেন না। আমার জীবনে দেড় শতাধিক রাজনৈতিক মামলা-হামলা খেয়েছি; পক্ষান্তরে আমি আমার জীবনে তাঁর বিরুদ্ধে একমাত্র মামলা করে মামলাবাজ হয়ে গেলাম। এর বিচার ভোটারদের কাছে দিলাম। আমি জনগনের পক্ষে কথা বলতে গিয়ে আজ শিকার হলাম।এর বিচার ফটিকছড়িবাসীর কাছে দিলাম। ’

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আমিনের আসন পরিচালক ও উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, আইনজীবী অ্যাডভোকেট ইসমাঈল গণি, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট হাবিবুল্লাহ।আরও উপস্থিত ছিলেন ভূজপুর থানা জামায়াতের আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম, ফটিকছড়ি থানা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, আবু জাফর, নবীর হোসেন মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?