চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে মিনহাজুল আবেদীন (২৭) নামে ফটিকছড়ির এক যুবক।
শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরের ইসমাইল কার্পেট মিল এলাকায় দুর্ঘটনায় ঘটে।
নিহত মিনহাজ ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের পূর্ব সোনাই এলাকার বাসিন্দা শাহ জামাল মজুমদারের ছেলে। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে উল্টো দিক থেকে আসা একটি ভ্যানকে সাইড দিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝে উল্টে যায় মিনহাজের মোটরসাইকেল। এসময় পেছন থেকে আসা দ্রুতগামী ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মহিবুল আরিফ বলেন, চলন্ত মোটরসাইকেলকে একটি দ্রুত গতির ট্রাক ধাক্কা দেয়৷ এতে আরোহী রাস্তায় ছিটকে পড়লে ট্রাকের পেছনের চাকার সাথে মাথা আঘাতপ্রাপ্ত হয়৷ আহতবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে তিনি মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, ‘দুর্ঘটনার বিষয়ে আমাদের কাছে তথ্য নেই৷ কেউ এ বিষয়ে অবহিত করেনি৷ হাসপাতালে খবর নিচ্ছি৷’



