পাইন্দংয়ে অবৈধ মাটি কাটা নিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— পাইন্দং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নজরুল ইসলাম (৩৫), সহ-সাংগঠনিক সম্পাদক আবুল বশর (৩৬), পাইন্দং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ (২৫), ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য করিম (১৯), আকিব (১৯) ও নাহিন (২০)। এ ঘটনায় ইলিয়াস (৪৪) ও নজরুল (৪০) নামে আরও দুজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় বিএনপি ও ছাত্রদল সূত্রে জানা যায়, সন্ধ্যায় বৃন্দাবনহাট বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে অবৈধ মাটি কাটা নিয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
আহত ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ বলেন, ‘মাটি কাটা নিয়ে মীমাংসার জন্য বিএনপির কার্যালয়ে ডাকা বৈঠকে তাদের ওপর হকিস্টিক দিয়ে হামলা করা হয়। এতে ছাত্রদলের কয়েকজন আহত হন।’
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ‘কিছু ছাত্রদল কর্মী মাদক ও অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত। তাদের এসব কাজ থেকে বিরত থাকতে বললে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।’
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবর চৌধুরী বলেন, ‘পাইন্দংয়ে অবৈধ মাটি কাটা নিয়ে একটি সমঝোতা বৈঠক ছিল। তবে কী কারণে সংঘর্ষ হয়েছে তা জানা নেই।’
ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনউদ্দিন চৌধুরী বলেন, ‘অবৈধ কর্মকাণ্ড নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠক করার সুযোগ নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



