সারাদেশের মতো চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাতেও আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে উপজেলার ১১টি ভেন্যুর ১২ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট কেন্দ্রের মধ্যে এসএসসি ৭টি, দাখিল ৩টি এবং ভোকেশনাল ১টি কেন্দ্র রয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে পুরো উপজেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
এবার ফটিকছড়ি উপজেলায় মোট ৫ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে এসএসসিতে ৪ হাজার ৫৮ জন, দাখিলে ১ হাজার ৩৩৩ জন এবং ভোকেশনালে ৩২৩ জন শিক্ষার্থী রয়েছে।
পরীক্ষা শুরুর আগে সকাল ৯টায় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মুহাম্মদ সেলিম রেজা, একাডেমিক সুপারভাইজার একরামুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




