ফটিকছড়ি উপজেলার ৩ নং নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম চান্দপুর মাইজকান্দি এলাকায় বালুখালী খালের উপর নির্মিত একটি কাঠের ব্রিজ দীর্ঘ প্রায় দুই বছর ধরে ভেঙে পড়ে রয়েছে। এতে করে এলাকার প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
জানা যায়, মাইজকান্দি বাইতুল আমান দাখিল মাদ্রাসার দক্ষিণ পাশে অবস্থিত এই ব্রিজটি ছিল স্থানীয়দের যাতায়াতের প্রধান মাধ্যম। কয়েক বছর আগে স্থানীয় উদ্যোগে নির্মিত ব্রিজটি পানির ঢলে ভেঙে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ব্রিজটি পুনঃনির্মাণ বা সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
ফলে পশ্চিম চান্দপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে বিকল্প ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের বিদ্যালয় ও মাদ্রাসায় যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে খালের পানি বেড়ে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। জরুরি সময়ে রোগী পরিবহন করাও হয়ে ওঠে প্রায় অসম্ভব।
এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।



