ফটিকছড়িতে মায়ের সঙ্গে পানি আনতে গিয়ে সাপের কামড়ে মো. আয়াত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তৈয়্যবিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আয়াত ওই এলাকার মো. রবিউল হোসেনের ছেলে।
শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির সামনের টিউবওয়েলে মায়ের সঙ্গে পানি আনতে যায় আয়াত। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে মায়ের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরিবারের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রক্ত পরীক্ষা করতে গিয়ে দীর্ঘ সময় কালক্ষেপণ করেন। প্রায় দেড় ঘণ্টা পর শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। সেখানে নেওয়ার পরপরই শিশুটি মারা যায়।
নিহত শিশুর চাচা মুহাম্মদ শওকত বলেন, সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা মোটরসাইকেলে করে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু সেখানে রক্ত পরীক্ষা করতে গিয়ে প্রায় এক ঘণ্টা সময় নষ্ট করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এটি চিকিৎসকের মারাত্মক অবহেলা।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।



