ফটিকছড়ির সুয়াবিলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনের পুকুরের পানিতে পড়ে রাফসান তালুকদার নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার সুয়াবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অসি মিয়া তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাফসান ওই এলাকার মুহাম্মদ শহীদুল্লাহ তালুকদারের একমাত্র সন্তান।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলার একপর্যায়ে রাফসান সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুয়াবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুনসুর চৌধূরী বলেন, “রাফসান শহীদুল্লাহ তালুকদার পরিবারের একমাত্র সন্তান ছিল। পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”



