বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের তিন দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সুপারিশের ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি (আলিম/এইচএসসি-বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওই তারিখের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।



