জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি আগমন উপলক্ষে আলোচনা সভা ও বিজয় মিছিল করেছে বিএনপি।
বুধবার (৫ আগস্ট) বিকেলে ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌর বিএনপি, নাজিরহাট পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে একটি বিজয় মিছিল উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন রাজঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে বিবিরহাট বাজারের সানমুন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে ফটিকছড়ি-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর আগমন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আহমেদ হোসেন তালুকদার, বিএনপি নেতা শাহজাদা সৈয়দ ওমর ফারুক, এজাহার মিয়া, নাজিম উদ্দিন শাহিন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ, আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ সেবুল, জাহাঙ্গীর আলম চৌধুরী, মনসুর আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান শহীদুল আজম, মহিলা নেত্রী শারমিন আক্তার লাভলী ও শিউলী আক্তারসহ অন্যান্য নেতারা।
এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার সংরক্ষণ এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী ৯ আগস্ট ফটিকছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।



