গৃহবধূ নেহার মৃত্যু: ব্যক্তির দায় সুন্দরপুরবাসী নেবে না

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

ফটিকছড়িতে গৃহবধূ সামিহা হাকিম নেহার (১৯) রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমাননির্ভর প্রচার, ‘মিডিয়া ট্রায়াল’ ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সুন্দরপুর ইউনিয়ন প্রবাসী পরিষদ।

রোববার (১২ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতে পরিষদের নেতারা এ প্রতিবাদ সভার আয়োজন করেন। সভায় বক্তারা নেহার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান।

তারা বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমাননির্ভর মন্তব্য, অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হওয়ার পাশাপাশি নির্দোষ ব্যক্তি ও একটি এলাকার মানুষের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে।

পরিষদের নেতারা বলেন, একজনের অপরাধের দায় পুরো সুন্দরপুরবাসীর নয়। একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকার মানুষকে হেয়প্রতিপন্ন বা সামাজিকভাবে অপমান করা অনভিপ্রেত।

তারা আরও বলেন, নেহার পরিবার ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিডিয়া ট্রায়াল’ না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের ওপর আস্থা রাখা উচিত। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এদিকে নেহার মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান। তিনি বলেন, ঘটনার দিনই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখান থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থলে দরজার ছিটকানি বাঁকা অবস্থায় পাওয়া যায়।

ওসি বলেন, নেহার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা—তা খতিয়ে দেখছে তদন্ত দল। দরজার ছিটকানির অবস্থা, থুতনিতে থাকা দাগ, মৃত্যুর আগে দাম্পত্য বিরোধ এবং ঘটনার রাতের ঘটনাপ্রবাহসহ বিভিন্ন বিষয় তদন্ত করা হচ্ছে। এসব বিষয়ে পাওয়া তথ্য ও আলামত বিশ্লেষণ করেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাতে ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় গৃহবধূ সামিহা হাকিম নেহার মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর মা শারমীন আক্তার রুপা বাদী হয়ে স্বামী মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে মামলা করেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?