চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর সীমান্তবর্তী বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাস। ঢাকাগামী একটি বাসের ধাক্কায় মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাবুনগরীসহ গাড়িতে থাকা কেউ আহত হননি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার সহপ্রচার সম্পাদক মাওলানা আজিজুল্লাহ আহমদী।
হেফাজত নেতা ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে নোয়াখালীর উদ্দেশে রওনা হওয়ার পর বারইয়ারহাট এলাকায় পৌঁছালে বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাসটির পেছনে একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার নেতারা ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁরা ফেনীর মহিপাল এলাকায় যান। সেখানে স্থানীয় প্রশাসন, বাস মালিক সমিতি ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয় বলে হেফাজত নেতারা জানান।
মাওলানা আজিজুল্লাহ আহমদী বলেন, বিষয়টি মীমাংসার পর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে অন্য একটি গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশে পাঠানো হয়েছে।



