হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ পিপিএম পদকে ভূষিত

নিজস্ব প্রতিবেদক

এএসপি(হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ

পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলার হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। তিনি বাংলাদেশ পুলিশের ৩৪তম ব্যাচের কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পদকের জন্য মনোনীত করা হয়েছে।

কাজী মো. তারেক আজিজ এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনে সহকারী পুলিশ কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে তিনি চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন। এ দায়িত্বের আওতায় হাটহাজারী ও ফটিকছড়ি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করেন তিনি।

দায়িত্ব পালনকালে অপরাধ দমন, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করেন এই কর্মকর্তা। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁর ভূমিকা গণমাধ্যমেও উঠে আসে।

কাজী মো. তারেক আজিজ বলেন, এ পদক প্রাপ্তি যেকোনো পুলিশ কর্মকর্তার জন্য অত্যন্ত গর্বের এবং দায়িত্ববোধ বাড়িয়ে দেওয়ার মতো একটি অর্জন। পেশাগত দায়িত্ব পালনের সময় সর্বাবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আপসহীন থেকে কাজ করার যে চেষ্টা চালিয়ে এসেছি, এ স্বীকৃতি তারই ফল।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার শান্তি বজায় রাখতে ভবিষ্যতেও আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

পিপিএম বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে বিবেচিত।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?