একটি হুইল চেয়ার যেন নতুন করে স্বস্তির আশা জাগিয়েছে জিন্নাত আরা জিনুকের মনে। জন্মগত শারীরিক প্রতিবন্ধী ১৯ বছর বয়সী মেয়ে নুসরাত জাহান ইভাকে নিয়ে দীর্ঘদিনের দুশ্চিন্তার কিছুটা অবসান হয়েছে তাঁর। চলাফেরা করতে না পারায় দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকতে হতো ইভাকে। এতে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতও সৃষ্টি হয়েছিল। মেয়ের এই দুর্ভোগ দেখে কষ্ট পেতেন মা। অবশেষে হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
সোমবার (১২ অক্টোবর) ফটিকছড়িতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহায়তায় ইভার জন্য হুইল চেয়ার পান জিন্নাত আরা জিনুক। এদিন ইভাসহ পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার দেওয়া হয়। পাশাপাশি অসচ্ছল ব্যক্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সদস্য, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়।
ফটিকছড়ির শহীদ শফিকুন নুর মওলা (বীরপ্রতীক) গণমিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্যাহ।
অনুষ্ঠানে সরোয়ার আলমগীর বলেন, ‘বিএনপি সরকার জনগণের সরকার। চা শ্রমিক থেকে শুরু করে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন জনগোষ্ঠীর শিক্ষার্থীদের সহায়তায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য্য জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর চা শ্রমিক পরিবারের সদস্য এবং স্কুল-কলেজের ৭৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি দুই হাজার টাকা করে মোট এক লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। এ ছাড়া ১৪টি স্বেচ্ছাসেবী সংগঠনকে মোট সাড়ে চার লাখ টাকা এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় ১০ জনকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন ও উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী।
সহায়তা পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা যায়। বিশেষ করে দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় থাকা জিন্নাত আরা জিনুকের মুখে ফুটেছে হাসি। তাঁর কাছে হুইল চেয়ারটি শুধু একটি সহায়ক উপকরণ নয়, মেয়ের দৈনন্দিন কষ্ট কমানোর নতুন আশাও।



