লাখো ভক্তের সমাগমে বাবা ভান্ডারীর ওরশ শুরু

নিজস্ব প্রতিবেদক

লাখো আশেকানের ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর হয়ে উঠেছে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার শরীফ। হযরত গাউছুল আ’যম সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারীর (ক.) ১৬৪তম মহান বার্ষিক খোশরোজ শরীফ উপলক্ষে তাঁর পবিত্র রওজা শরীফে গোসল, জিয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে মাইজভাণ্ডার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের আওলাদে পাকগণের নেতৃত্বে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি, মানবতার মুক্তি এবং বিশ্বব্যাপী সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করা হয়। এতে উপস্থিত আশেকানরা অংশ নেন। তাঁদের সম্মিলিত ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে দরবার শরীফ এলাকা।


রওজা শরীফ গোসলের আনুষ্ঠানিকতায় সালাতু সালাম পরিবেশন করেন শাহজাদা ডা. সৈয়দ মিসকাতুন নূর মাইজভাণ্ডারী ও শাহজাদা সৈয়দ মাহতাবুল বশর মাইজভাণ্ডারী। তাঁদের পরিবেশিত সালাতু সালামে দরবার শরীফ এলাকায় আধ্যাত্মিক আবহের সৃষ্টি হয়। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত আশেকানরা।


এ সময় আরও উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ আফতাবুল বশর মাইজভাণ্ডারী, শাহজাদা অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ নাইম রহমান মাইজভাণ্ডারী ও শাহজাদা সৈয়দ নুয়াইছির বশর মাইজভাণ্ডারীসহ গাউছিয়া রহমান মঞ্জিলের অন্যান্য আওলাদে পাক।
মাইজভাণ্ডার দরবার শরীফের অনুসারীদের কাছে হযরত গাউছুল আ’যম সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফ একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক উপলক্ষ। এ উপলক্ষে রওজা শরীফ গোসল ও জিয়ারত, সালাতু সালাম, মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ভক্ত-অনুরাগীরা শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি তাঁরা দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি ও কল্যাণ কামনা করেন।
উল্লেখ্য, বুধবার (১৪ অক্টোবর) ২৯ আশ্বিন পালিত হচ্ছে হযরত গাউছুল আ’যম সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারীর ১৬৪তম মহান বার্ষিক খোশরোজ শরীফ। এ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?