ফটিকছড়ির সাবেক এমপি রফিকুল আনোয়ারের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক নিউজ

ফটিকছড়ির সাবেক এমপি রফিকুল আনোয়ারের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ।

ফটিকছড়ির দুইবারের নির্বাচিত সংসদ সদস্য রফিকুল আনোয়ারের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ অক্টোবর। ২০১২ সালের এই দিনে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

রফিকুল আনোয়ার ১৯৫৫ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের ঢালকাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি লায়লা বেগম ও কবির আহম্মদের দ্বিতীয় সন্তান।

বহুমুখী ব্যবসার মাধ্যমে কর্মজীবনে সফলতা অর্জন করেন রফিকুল আনোয়ার। সেই সাফল্যের পুঁজি নিয়ে নব্বইয়ের দশকে ফটিকছড়ির প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও পাড়ায় উন্নয়নের স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন তিনি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে দান-অনুদান, দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ায় সহযোগিতা, বিয়ে-শাদিতে সহায়তা এবং অসহায় মানুষের চিকিৎসার ব্যয়ভার বহনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন। এভাবেই তিনি পরিচিতি পান ‘দানবীর রফিকুল আনোয়ার’ হিসেবে।

নানুপুর লায়লা-কবির ডিগ্রি কলেজ রফিকুল আনোয়ার ও তাঁর ভাইদের অন্যতম অবদান। ফটিকছড়ির অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ও বিকাশেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি স্থানীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে বৃহত্তর পরিসরে পরিচিতি অর্জন করেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও বন্ধু ও স্বজনদের অনুপ্রেরণায় ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। প্রথম নির্বাচনেই বিপুল ভোটে জয়ী হয়ে বৃহত্তর চট্টগ্রামে নিজের অবস্থান সুদৃঢ় করেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

রফিকুল আনোয়ার বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম জেলা শাখার সহসভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম আবাহনীর চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তাঁর একমাত্র কন্যা খাদিজাতুল আনোয়ার সনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রফিকুল আনোয়ারের ছোট ভাই ফখরুল আনোয়ার জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে উপজেলার নানুপুরের ঢালকাটায় গ্রামের বাড়িতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মরহুমের জীবনী নিয়ে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল, কবর জিয়ারত এবং মেজবান। এসব কর্মসূচিতে আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?