চট্টগ্রামের ফটিকছড়িতে একদিনে সাত হাজার ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে এসব চারা রোপণ করা হবে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে সাংবাদিকদের এ তথ্য জানান ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ১৬টি উপজেলায় একদিনে এক লাখ গাছের চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফটিকছড়িতে রোপণ করা হবে সাত হাজার চারা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার মধ্যবর্তী এলাকায় উৎসব ক্লাবের পাশে কর্মসূচির উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর। এরপর দুই উপজেলার ১০ টি স্পটে একযোগে চারা রোপণ করা হবে।
ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান এবং ‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রত্যয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শুধু চারা রোপণ নয়, সেগুলো বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মসূচিতে আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, মেহগনি, গর্জন, আমলকী, হরীতকী, জারুল ও বকুলসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলা এবং বৃক্ষরোপণের পাশাপাশি চারার বেঁচে থাকা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।



