গ্রামের সাধারণ পরিবেশে শিক্ষাজীবন শুরু করে অধ্যবসায় ও মেধার স্বাক্ষর রেখে চীনের দুটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জন করেছেন চট্টগ্রামের ফটিকছড়ির কৃতী সন্তান মো. মঈনুল হাসান। চীনের সরকারি বৃত্তি নিয়ে নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে মার্কেটিং বিষয়ে পিএইচডি অর্জন করেছেন তিনি। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর এ অর্জনে আনন্দিত ও গর্বিত এলাকাবাসী।
১৯৮৬ সালের ১১ জুলাই ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মঈনুল হাসান। বাবা মো. মুছা ও মা জান্নাতুল ফেরদৌস বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি চতুর্থ। শিক্ষাজীবনের শুরু শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন শাহনগর বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে। এরপর চট্টগ্রাম সরকারি সিটি কলেজে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষিত ইয়েস চায়না (ইয়ুথ এক্সেলেন্স স্কিম) স্কলারশিপ নিয়ে সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজির স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ সম্পন্ন করেন। পরে চীন সরকারের চায়না স্কলারশিপ কাউন্সিলের (সিএসসি) বৃত্তি নিয়ে নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে নিজ জেলার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০২০ সালের ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং বিভাগে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পান।
শিক্ষকতার পাশাপাশি শিক্ষা বিস্তার, তরুণদের দক্ষতা উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন মঈনুল হাসান। ফটিকছড়ির শিক্ষার্থীরা যাতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষায় পৌঁছাতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও ক্যারিয়ারবিষয়ক পরামর্শ দিয়ে আসছেন তিনি। ঝরে পড়া শিক্ষার্থী এবং কারিগরি শিক্ষায় আগ্রহীদের দক্ষতা উন্নয়নের সুযোগ সম্পর্কে সচেতন করতেও কাজ করছেন।
নিজ গ্রাম শাহনগরে একটি পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগে স্থানীয়দের সংগঠিত ও সমন্বয়ের চেষ্টা করছেন তিনি। তাঁর প্রত্যাশা, এই লাইব্রেরি প্রতিষ্ঠিত হলে গ্রামের তরুণদের মধ্যে বই পড়া, জ্ঞানচর্চা ও বুদ্ধিবৃত্তিক আলোচনার পরিবেশ তৈরি হবে।
ব্যক্তিজীবনে সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত মঈনুল হাসান তরুণদের কাছে একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। শিক্ষার্থীদের পড়াশোনা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে পরামর্শ দেওয়াকে তিনি বিশেষ গুরুত্ব দেন। তাঁর বিশ্বাস, শিক্ষার প্রসার, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব।
সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি। তিনি চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, কুমিল্লাস্থ চট্টগ্রাম সমিতির উপদেষ্টা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একাধিকবার নির্বাচিত কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
গ্রামীণ জনপদ থেকে শিক্ষাজীবন শুরু করে দেশ-বিদেশের উচ্চশিক্ষা অর্জন এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত থাকার মধ্য দিয়ে মঈনুল হাসান তরুণ প্রজন্মের সামনে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর অর্জন ও শিক্ষা বিস্তারে অব্যাহত প্রচেষ্টা ফটিকছড়ির আগামী প্রজন্মকে উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনে উৎসাহিত করবে বলে প্রত্যাশা স্থানীয়দের।



