জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ফটিকছড়িতে বিএনপির চার ইউনিটের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের জাতীয় ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে বিদেশি চক্রান্ত ও স্বৈরাচারের হাত থেকে মাতৃভূমি এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আগামী ৮ নভেম্বর ফটিকছড়িতে গৃহীত কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও সুশৃঙ্খলভাবে সফল করতে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতিও আহ্বান জানান সরোয়ার আলমগীর।
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, দুবাই বিএনপির সভাপতি রফিকুল আলম, আবুল কালাম আজাদ, মুনসুর আলম চৌধুরী, আবু আজম তালুকদার, সরোয়ার হোসেন মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



