গণহত্যা ও নির্যাতনের দায় স্বীকার করে দুঃখ প্রকাশ এবং অনুশোচনা না করা পর্যন্ত আওয়ামী লীগকে দেশের মানুষ রাজনীতিতে ফিরতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, শেখ হাসিনাও আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না।
শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামীয় আজিজুল উলুম (বাবুনগর) মাদ্রাসার বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছরের শাসনামলে আলেম-ওলামাসহ দেশের মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। সেই ফ্যাসিবাদী সরকারকে আর দেখতে চান না তাঁরা। যারা অতীতে এমন শাসন চালিয়েছে, তাদের রাজনৈতিকভাবে ফিরে আসার আগে নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করতে হবে।
ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করা একটি দলের সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা ইসলামের নাম বিক্রি করছে, তারা ইসলামের ধারেকাছেও নেই। মুখে এক কথা বললেও তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা বা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার কথা নেই। ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করে তারা দেশে বিভক্তি সৃষ্টি করছে। একটি দল ফ্যাসিবাদী কায়দায় আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি।
শাপলা চত্বরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শাপলা চত্বরে কত শহীদ হয়েছেন, তাঁদের নাম আমরা জানি না। তাঁদের কবরের ঠিকানা জানি না। আফসোস। এত রক্তদানের মধ্য দিয়ে, রক্তের সিঁড়ি বেয়ে, রক্তাক্ত গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা ইসলামবিদ্বেষীদের কাছ থেকে মুক্ত হয়েছি।’ এ সময় তিনি প্রশ্ন রাখেন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি কারা ঘটাতে চাইছে?
শ্রমিক আন্দোলন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি পূরণ করা হয়েছে। এরপরও আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরির পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের গঠনমূলক সমালোচনা করা যেতে পারে, তবে দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অসহযোগিতা করা যাবে না।
সম্মেলনে দেশবরেণ্য আলেম-ওলামাসহ ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।



