ধর্ম-বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
তিনি বলেন, যেকোনো ধরনের অবিচার ও অবহেলা দূর করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর বৌদ্ধ বিহারে পবিত্র কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করতে এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সমাজে শান্তি, শৃঙ্খলা, সাম্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় নিজ নিজ ধর্মের শান্তির বাণী প্রচারের পাশাপাশি উসকানিদাতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে।
উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী জনগণের সেবা করার লক্ষ্যেই তাঁকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। লক্ষাধিক ভোটে জয়ী করে সংসদে পাঠানোর মাধ্যমে এলাকার মানুষ তাঁকে যে ভালোবাসা ও আস্থা দিয়েছেন, তার কৃতিত্ব জনগণের। প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই এলাকায় এসে মানুষের প্রয়োজন ও দাবির কথা শুনেছেন এবং ইতোমধ্যে অনেক দাবি পূরণ করেছেন। দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে সমভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও নির্ধারিত হারে বরাদ্দ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
নিজ মাতৃভূমি হাটহাজারীর উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট লাঘব এবং সার্বিক উন্নয়নের বিষয়টি তিনি সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে দেশের কল্যাণে কাজ করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী ভান্তেগণ, দায়ক-দায়িকা এবং সেবক-সেবিকারা উপস্থিত ছিলেন।



