মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে আদেশ জারি করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের উত্থাপিত তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মাউশির জারি করা আদেশ অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ কিংবা তা ব্যবহার করা যাবে না।
তিনি আরও জানান, এ বিষয়ে আলাদা নীতিমালা প্রণয়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত।
সংসদে দেওয়া জবাবে শিক্ষামন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়াতে বিভিন্ন দেশে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। কোথাও এ বিষয়ে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।



